Connect with us
ক্রিকেট

দুঃসংবাদ পেল রিশাদের দল, ছিটকে গেলেন তারকা পেসার

Rishad’s team suffer a setback as their star pacer is ruled out.
চোটের কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে নব্য ফ্রাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি। এরই মাঝে আরেকটি বড় দুঃসংবাদ পেলেন রিশাদরা।

পিএসএলের পুরো আসর থেকে ছিটকে গেছেন দলটির তারকা পেসার নাসিম শাহ। চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হচ্ছে না এই পেসারের। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

গত ২ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাসিম। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর চোট গুরুতর হওয়ায় অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।



অবশ্য টুর্নামেন্টের শেষদিকে নাসিমকে পাওয়া নিয়েও কিছুটা আশা রয়েছে৷ এই সময়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে টুর্নামেন্টের শেষদিকে তার ফেরার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

অবশ্য চলতি আসরে বল হাতে সুবিধা করতে পারেননি নাসিম। দুই ইনিংসে শিকার করেছেন এক উইকেট। প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৫১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে চোটে পড়ার আগে ২.২ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।

এদিকে পিএসএলের শুরুতে মাঠের বাইরের কর্মকাণ্ডে বেশ আলোচনায় ছিলেন নাসিম। পিএসএলের উদ্বোধনী দিনে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিতর্কিত মন্তব্য করে পিসিবির তোপের মুখে পড়েন নাসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরতর্তিক মন্তব্যের জেরে তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট