Connect with us
ক্রিকেট

দ্য হানড্রেডে দল পেলেন না রিশাদ হোসেন

Rishad Hossain did not get a team in The Hundred
রিশাদ হোসেন। ছবি- এসিবি

চলতি বছর মাঠে গড়াবে ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হানড্রেডের ষষ্ঠ আসর। আসন্ন এই টুর্নামেন্টের জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে নাম দিয়েছেন বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। তবে নিলামে অবিক্রিত রয়ে গেছেন এই টাইগার লেগি।

দ্য হানড্রেডের নিলামে স্পিনার ক্যাটাগরিতে ছিলেন রিশাদ। তার ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১২ লাখ টাকা। তবে তার নাম নিলামে ওঠার পর আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। ফলে অবিক্রিত থেকে গেছেন এই তারকা।

একই ক্যাটাগরিতে নাম ওঠে ক্যারিবিয়ান তারকা আকিল হোসেন, ইংলিশ ক্রিকেটার জাফের চৌহান ও পাকিস্তান স্পিনার উসমান তারিকের। তাদের মধ্যে অবিক্রিত থেকে যান আকিল ও জাফের। তবে দল পেয়েছেন তারিক। এই পাকিস্তান স্পিনারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।



তবে তারিক দল পেলেও এখন পর্যন্ত অবিক্রিত থেকে গেছেন পাকিস্তানের দুই তারকা হারিস রউফ ও শাদাব খান। তাদেরকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এছাড়া এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। তিন লাখ পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছে ওয়েলস ফায়ার।

দ্য হান্ড্রেডের নিলামের জন্য মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছিলেন। তবে সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান রিশাদ ও মুস্তাফিজুর রহমান। নিলামে এখনো ডাকা হয়নি মুস্তাফিজের নাম। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া ড্রাফটে নাম দিয়েছিলেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি কেউ।

উল্লেখ্য, ২০২১ সালে মাঠে গড়ায় দ্য হান্ড্রেডের প্রথম আসর। সাধারণত ১০০বলে প্রতিটি ইনিংসের খেলা অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত বাংলাদেশের কোন ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট