ব্রাজিলিয়ান কাপে রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নেইমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। ম্যাচ শেষে রেমোর খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে তাঁকে বেলেম শহরে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার প্রস্তাবও ওঠে। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব কাউন্সিলের বোর্ড গ্রহণ করেনি।
প্রস্তাবটি দেন বেলেম সিটি কাউন্সিলের সদস্য মারিনোর ব্রিতো। তাঁর অভিযোগ, নেইমার শুধু প্রতিপক্ষের খেলোয়াড়দেরই নয়, পারা অঙ্গরাজ্যের মানুষ এবং পুরো আমাজন অঞ্চলের প্রতিও অসম্মানজনক আচরণ করেছেন। তাই তাঁকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
প্রস্তাবটি গ্রহণ না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ব্রিতো। তিনি বলেন, বোর্ড তাঁর প্রস্তাবটি ভোটে তুলতেই দেয়নি। তাঁর মতে, এটি শুধু একটি প্রস্তাব আটকে দেওয়া নয়, বরং গণতান্ত্রিক চর্চা ও কাউন্সিলের নিজস্ব বিধিরও পরিপন্থী। তিনি আরও জানান, বিষয়টি এখানেই শেষ নয়, ভবিষ্যতেও তিনি এ নিয়ে উদ্যোগ চালিয়ে যাবেন।
বিতর্কের সূত্রপাত ম্যাচ শেষ হওয়ার পর। ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ করে কটূক্তি করা হলে তিনি পাল্টা প্রতিক্রিয়া জানান। সান্তোসের জয় উদ্যাপন করতে করতে প্রতিপক্ষের দিকে তাকিয়ে বারবার বলেন, ‘তোমরা বাদ পড়েছ’ এবং ‘এটাই সান্তোস’। এ সময় তিনি হাতের ইশারায়ও প্রতিপক্ষকে উসকে দেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রেমোর কয়েকজন সমর্থক ও প্রতিনিধি নিরাপত্তা বেষ্টনী ভেঙে সামনে এগিয়ে আসেন। পরে দুই দলের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দেশের অন্যতম জনপ্রিয় ফুটবলার হিসেবে নেইমারের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাঁর এমন আচরণ তরুণদের জন্য ভালো উদাহরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে সান্তোস তাদের তারকার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। ক্লাবটির দাবি, নেইমারকে ব্যক্তিগতভাবে অপমান করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে করা মন্তব্য গ্রহণযোগ্য নয়। খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও অসম্মান কোনোভাবেই সমর্থন করা যায় না বলেও জানায় ক্লাবটি।
বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। এবার রেমোর বিপক্ষে ম্যাচের পর মাঠের বাইরের এই ঘটনাও তাঁকে নতুন করে বিতর্কের কেন্দ্রে এনে দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৬/টিএ



