
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। এই জয়ে বেশকিছু রেকর্ডও গড়েছে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে সর্বোচ্চ ১৩৫ রানের টার্গেট তাড়া করে জিতেছিল টাইগাররা। ২০২৩ সালে সেই জয়টি এসেছিল নিউজিল্যান্ডে মাটিতে। নেপিয়ারে আগে ব্যাট করতে নেমে ১৩৪ রান করেছিল কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে টার্গেট তাড়া করতে সক্ষম হয়েছিল টাইগাররা।
অন্যদিকে দেশের মাটিতে এর আগে সর্বোচ্চ ৯৪ রানের টার্গেট তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ২০২১ সালে মিরপুরের মাটিতে আগে ব্যাট করতে নেমে ৯৩ রানেই গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে ৯৬ রান করে জিতেছিল টাইগাররা।
চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে গত বছরের নভেম্বরে এই চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৪ রান করে জিতেছিল টাইগাররা।
দেশের মাটিতেও টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৪ রান করে জয়ের রেকর্ডটিই এতদিন সর্বোচ্চ ছিল। এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন নজির গড়েছে লাল-সবুজের দল।
অবশ্য টি-টোয়েন্টিতে দেশ ও বিদেশের মাটি মিলিয়ে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান করে জিতেছিল টাইগাররা। টি-টোয়েন্টিতে রানতাড়ায় এটাই সর্বোচ্চ। এছাড়া ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৪ রান করে জিতেছিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/বিটি



















