Connect with us
ক্রিকেট

যে কারণে মুস্তাফিজকে কিনেছে দ্য হানড্রেডের দল বার্মিংহাম ফিনিক্স

Mustafizur Rahman was signed by Birmingham Phoenix in The Hundred
বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের শতবলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন কাটার মাস্টার।

লম্বা সময় ধরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন মুস্তাফিজ। তাই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তাকে ঘিরে চাহিদাও রয়েছে ব্যাপক। আইপিএলের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দেওয়ার পর নতুন করে দুটি ফ্রাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন কাটার মাস্টার। পিএসএলে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সবশেষ প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে নাম লেখালেন এই তারকা।

তবে মুস্তাফিজকে কেনার পেছনে কারণও ছিল বার্মিংহামের। মূলত দলটির কোচ শেন বন্ড তাকে দলে নিয়েছেন। বন্ডের সঙ্গে আগেও কাজ করেছেন ফিজ। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন বন্ড। সেই আসরে ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলার সুবাদে বন্ডের সঙ্গে কাজ করেছিলেন কাটার মাস্টার। মুস্তাফিজের বিশেষত্ব কাছ থেকে দেখেছেন তিনি। যা মুস্তাফিজের দল পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে।



এ বিষয়ে ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত এক ভিডিওতে বন্ড বলেছেন, ‘আমি এর আগে মুম্বাইয়ে মুস্তাফিজের সঙ্গে কাজ করেছি। তাই আমাদের মধ্যে একটা পুরোনো সম্পর্ক আছে।’

মুস্তাফিজকে দলে নেওয়ার কারণ জানিয়ে বন্ড বলেন, ‘মুস্তাফিজ গেম চেঞ্জিং বোলার। ও অনন্য এবং ও যে অফ-স্পিনটা বলটা করে, ওর গতির যে পরিবর্তন, এটা খেলায় অনেক বড় প্রভাব ফেলবে। এ ক্ষেত্রে মুস্তাফিজ অনন্য। আমরা একটা গবেষণা করে দেখেছি, ইংল্যান্ডের বেশ কিছু মাঠে সময় যত যাবে বল ঘুরতে শুরু করবে। তাই আমাদের দলে যদি ওর মতো একজন বোলার থাকে, তাহলে অনেক কাজে আসবে।’

মুস্তাফিজ ছাড়া দ্য হানড্রেডের ড্রাফটে ছিলেন রিশাদ হোসেন। তবে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। আর মুস্তাফিজকে এক লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড-
জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কারি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস ও মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট