
স্প্যানিশ লা-লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের লড়াইটা বেশ জমে উঠেছে। অনেকদিন ধরেই রিয়ালের চেয়ে অল্প পয়েন্টের ব্যবধানে শীর্ষে অবস্থান করছে বার্সা। তবে এবার তলানীর দলের কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ।
আজ শনিবার (৪ এপ্রিল) লা লিগার ৩০তম রাউন্ডের ম্যাচে মাল্লোর্কার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। অবনমনের শঙ্কায় থাকা এই দলটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাতে মূল্যবান ৩টি পয়েন্টই খোয়ালো আলভারো আরবেলোয়ার শিষ্যরা।
এদিন ঘরের মাঠে প্রথমার্ধেই এগিয়ে যায় মাল্লোর্কা। ম্যাচের ৪১তম মিনিটে মানু মোরলানেসের গোল লিড নেয় স্বাগতিকরা। তাতে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। তবে সফল হতে পারছিলেন না এমবাপ্পে-ব্রাহিম দিয়াজরা।
ম্যাচের ৫৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস জুনিয়র, এডার মিলিতাও ও জুড বেলিংহাম। এরপর রিয়ালের আক্রমণে কিছুটা ধার বাড়ে। তাতে নির্ধারিত সময়ের ২ মিনিট আগে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ইনজুরি কাটিয়ে প্রায় চার মাস পর মাঠে ফেরা মিলিতাওয়ের গোলে ৮৮ মিনিটে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা।
তবে এই সমতা শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয় রিয়াল। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ফের গোল হজম করে সফরকারীরা। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ভিনিসিয়ুস-এমবাপ্পেরা। তাতে ২-১ গোলের ব্যবধানেই পরাজয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।
এই হারে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। অন্যদিকে এক ম্যাচ কম খেলেই ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান শক্তিশালী করেছে বার্সেলোনা। এছাড়া অবনমনের শঙ্কায় থাকা মাল্লোর্কা ৩১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছে।
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৬/বিটি























