
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা জানান।
২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয় ডুসেনের। শুরুতে সীমিত ওভারের দলে সুযোগ পেলেও ধীরে ধীরে টেস্ট দলেও জায়গা করে নেন তিনি। ডানহাতি এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৭টি টি-টোয়েন্টি, ৭১টি ওয়ানডে এবং ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন।
দলের মাঝের সারিতে দীর্ঘদিন নির্ভরতার নাম ছিলেন ডুসেন। কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে খেলার জন্য পরিচিত ছিলেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।
তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত পারফরম্যান্স আসে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি, যা তার সেরা ইনিংসগুলোর একটি হিসেবে ধরা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যাত্রা শেষ করলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ভ্যান ডার ডুসেনের অবদান দীর্ঘদিন মনে রাখা হবে।
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/টিএ






















