
মিরপুরের উইকেটে আরও একবার তাণ্ডব চালালেন নাহিদ রানা। চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন এই পেসার। ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নিয়েছেন এই গতিতারকা।
সবশেষ পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ফাইফারের দেখা পান রানা। চার ম্যাচ পর একই মাঠে দ্বিতীয় ফাইফার তুলে নিলেন এই এক্সপ্রেস পেসার। তাতে মিরপুরে ওয়ানডেতে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ফাইফার নেওয়ার তালিকায় তাসকিন-রুবেলদের ছাড়িয়ে মুস্তাফিজুর রহমানের রেকর্ডের আরও কাছে চলে এসেছেন এই তারকা।
ওয়ানডে মিরপুরে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ফাইফারের মালিক মুস্তাফিজুর রহমান। তার নামের পাশে ৩টি ফাইফার রয়েছে। ২০১৫ সালে অভিষেকের পর ভারত সিরিজে ২টি এবং পরে জিম্বাবুয়ে সিরিজে একটি ফাইফার নেন কাটার মাস্টার।
এতদিন একটি করে ফাইফার নিয়ে মুস্তাফিজের পরেই ছিলেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ফরহাদ রেজা ও নাহিদ রানা। এবার তাসকিন রুবেলদের ছাড়িয়ে মুস্তাফিজের কীর্তির আরও কাছে চলে এসেছেন এই পেসার৷ মিরপুরের মাটিতে আর একটি ফাইফার পেলেই ফিজকে ছুঁয়ে ফেলবেন এই পেসার। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। তাই এই সিরিজ দিয়ে মুস্তাফিজকে ছোঁয়ার সুযোগ নেই রানার।
এদিন নিউজিল্যান্ড ইনিংসে একাই ধস নামান রানা। তার গতি ও বাউন্সারে বারবার পরাস্ত হয়েছে সফরকারীরা। নিউজিল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে অসাধারণ এক ইয়র্কারে হেনরি নিকোলসকে এলবিডব্লুর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান রানা। পরের ওভারেই তার দুর্দান্ত এক বাউন্সার ঠিকমতো খেলতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ফেরেন উইল ইয়াং।
ম্যাচের ২৯তম ওভারের তৃতীয় উইকেটের দেখা পান রানা। তার বল ঠিকমতো টাইমিং করতে না পেরে ক্যাচ দিয়ে ফেরেন মুহাম্মদ আব্বাস। এরপর নিজের নবম ওভারে ফক্সক্রফট এবং শেষ ওভারব জেডন লেনক্সকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/বিটি



















