Connect with us
ক্রিকেট

আইপিএলে ১৫২ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়লেন রাহুল

Rahul smashes 152 in the IPL, setting multiple records.
লোকেশ রাহুল। ছবি- বিসিসিআই

আইপিএলের রেকর্ডবইয়ে তোলপাড় করলেন ওপেনার লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে দেড়শোর্ধ্ব রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই একাধিক রেকর্ড গড়েছেন এই তারকা ব্যাটার। 

আজ শনিবার (২৫ এপ্রিল) আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬৭ বলে ১৫২ রানের ইনিংস খেলেন রাহুল। তাতে আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। ১৬ চার ও ৯ ছক্কায় রেকর্ডগড়া এই ইনিংসটি সাজান রাহুল।

আইপিএলে এর আগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি অভিষেক শর্মার দখলে ছিল। গত বছর এই পাঞ্জাবের বিপক্ষেই ১৪১ রানের ইনিংস খেলেন সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার। এবার তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন রাহুল।



আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই কিউই কিংবদন্তি। ১৫২ রান নিয়ে এই তালিকার তিনে উঠে এসেছেন রাহুল।

ভারতের হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি এতদিন তিলক ভর্মার দখলে ছিল। ২০২৪ সালে সৈয়দ মুসতাক আলী ট্রফিতে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ৬৭ বলে ১৫১ রান করেছিলেন তিনি। এবার রাহুল আইপিএলে সমান বল খেলে এক রান বেশি করে তিলকের সেই রেকর্ড ভেঙে দিলেন।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় সুরেশ রায়নাকে ছাড়িয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন রাহুল। ৫৫২৮ রান নিয়ে এতদিন পাঁচ নম্বরে থাকা রায়নাকে ছাড়িয়ে গেছেন তিনি। ৫৫৭৯ রান নিয়ে বর্তমানে পাঁচে অবস্থান করছেন রাহুল।

এদিকে রাহুলের ১৫২ এবং নিতীশ রানার ৯১ রানের ইনিংসে ভর করে ২৬৪ রানের পুঁজি পেয়েছে দিল্লি। চলতি আইপিএলে এটি সর্বোচ্চ দলীয় রানের ইনিংস এবং দিল্লির ইতিহাসেও এটি সর্বোচ্চ। আর আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় রানের ইনিংস।

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট