
ডাচ লিগে নিজেদের আধিপত্য ধরে রাখল পিএসভি আইন্দহোভেন। মৌসুম শেষ হতে এখনো পাঁচ ম্যাচ বাকি, এর মধ্যেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আবারও নিজেদের শক্তি প্রমাণ করল পিএসভি।
রোববার শিরোপা দৌঁড়ে থাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী ফেইনুর্দ নিজেদের মাঠে ভোলেনডামের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এতে ২৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়ায় ৫৪। অন্যদিকে, এর একদিন আগে এফসি উত্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জয় তুলে নেয় পিএসভি। সেই জয়ে তাদের পয়েন্ট হয় ৭১। দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৭ পয়েন্টে, যা বাকি পাঁচ ম্যাচে আর ঘোচানো সম্ভব নয়।
এই ব্যবধানই পিএসভিকে আগেভাগে শিরোপা এনে দেয়। ম্যাচের ফল নিশ্চিত হওয়ার পরপরই আইন্দহোভেন শহরে আনন্দে মেতে ওঠেন সমর্থকরা। ক্লাবের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো শহরে।
পুরো মৌসুমজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে পিএসভি। শুধু পয়েন্ট নয়, গোল ব্যবধানেও তারা ছিল অনেক এগিয়ে। তাদের গোল ব্যবধান +৪২, যেখানে ফেইনুর্দের +২১। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ছিল তাদের দৃঢ়তা।
ক্লাব ইতিহাসে এটি তৃতীয়বার টানা তিনটি শিরোপা জয়ের ঘটনা। এর আগে ১৯৮৬-৮৯ এবং ২০০৫-০৮ সময়ে টানা চারবার করে লিগ জিতেছিল তারা। সব মিলিয়ে পিএসভির মোট লিগ শিরোপা এখন ২৭টি। তবে এই তালিকায় এখনো এগিয়ে আছে আয়াক্স, যাদের শিরোপা সংখ্যা ৩৬।
এই সাফল্যের ফলে আগামী মৌসুমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে সরাসরি জায়গা পাবে পিএসভি। রানার-আপ দলও সরাসরি সুযোগ পাবে, আর তৃতীয় স্থানে থাকা দলকে খেলতে হবে বাছাই পর্ব।
তবে শিরোপা জয়ের আনন্দের মাঝেও কিছুটা দুঃসংবাদ পেয়েছে দলটি। এফসি উত্রেখটের বিপক্ষে ম্যাচে অধিনায়ক জার্ডি শাউটেন হাঁটুর গুরুতর চোটে পড়েছেন। এতে করে সামনে আন্তর্জাতিক আসরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/টিএ






















