
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ফুটবলপ্রেমীরা দেখেছে দুর্দান্ত এক ম্যাচ। মঙ্গলবার রাতে প্যারিসে গোলবন্যার ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নেয় পিএসজি। খাভিচা কাভারাতসখেলিয়া প্রথমে সমতা ফেরান। এরপর জোয়াও নেভেস দলকে এগিয়ে নেন। যদিও মাইকেল অলিসে আবারও সমতায় ফেরান বায়ার্নকে। প্রথমার্ধের যোগ করা সময়ে উসমান দেম্বেলের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও ভয়ংকর হয়ে ওঠে স্বাগতিকরা। কাভারাতসখেলিয়া ও দেম্বেলের দ্বিতীয় গোল পিএসজিকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেয়। তখন ম্যাচ প্রায় একতরফা হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।
কিন্তু বায়ার্ন হাল ছাড়েনি। দায়ত উপামেকানো ও লুইস দিয়াস দ্রুত দুটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। শেষ পর্যন্ত সমতায় ফিরতে না পারলেও এক গোলের ব্যবধানে লড়াই জমিয়ে রাখে জার্মান ক্লাবটি।
পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পিএসজি সুযোগ কাজে লাগাতে বেশি সফল ছিল। বায়ার্নও একের পর এক আক্রমণ করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়ে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক লেগে নয় গোলের এই ম্যাচ ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন পর ইউরোপের এই মঞ্চে বায়ার্নের বিপক্ষে জয় পেল পিএসজি।
এ জয়ে ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে গেল ফরাসি ক্লাবটি। তবে এক গোলের ব্যবধান থাকায় মিউনিখে ফিরতি লেগে বায়ার্নের সামনে এখনও সুযোগ থাকছে। আগামী বুধবারের দ্বিতীয় লেগ তাই হতে যাচ্ছে আরও উত্তেজনাপূর্ণ।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/টিএ























