বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিততে না পারলেও লিওনেল মেসির ব্যক্তিগত পারফরম্যান্স ছিল দারুণ। ৩৯ বছর বয়সেও মাঠে তার নৈপুণ্য মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। তবে আর্জেন্টিনা জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এমন পরিস্থিতিতে মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মারকো আন্তোনিও এচেভেরি। তার আশা, আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিকে।
এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, তিনি কোনোভাবেই চান না মেসি এখনই জাতীয় দলকে বিদায় জানান। তার মতে, বর্তমান সময়েও মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং আগামী বিশ্বকাপেও তার খেলা উচিত। তিনি বলেন, মেসি মাঠে থাকলে ফুটবল আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
বলিভিয়ার সাবেক এই মিডফিল্ডারের মতে, এবারের বিশ্বকাপেই নিজের খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা ফুটবল উপহার দিয়েছেন মেসি। বয়স বাড়লেও তার পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যায়নি। বরং অন্য অনেক ফুটবলারের তুলনায় তার খেলার মান ছিল অনেক বেশি উঁচু।
মেসিকে অবসর না নিতে রাজি করাতে একটি ভিন্নধর্মী প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবলপ্রেমীদের স্বাক্ষর সংগ্রহ করে একটি চিঠি মেসির কাছে পাঠানো যেতে পারে। সেই চিঠিতে তাকে জাতীয় দল থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানানো উচিত।
এচেভেরির বিশ্বাস, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল আগের মতো থাকবে না। তার ধারণা, মেসিও এখনই অবসর নিতে চান না। তাই বিশ্বের ফুটবলপ্রেমীদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তিনি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলতে পারেন।
আর্জেন্টিনা দল নিয়েও প্রশংসা করেছেন এচেভেরি। তার মতে, আর্জেন্টিনার ফুটবলাররা সবসময় জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামে। তাই দলটির লড়াই, নিবেদন কিংবা প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। দক্ষিণ আমেরিকার এই কিংবদন্তির মতে, মেসির মতো একজন ফুটবলারের উপস্থিতি শুধু আর্জেন্টিনার জন্য নয়, পুরো বিশ্ব ফুটবলের জন্যই এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৬/টিএ



