
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে এই সিরিজ। প্রথম মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
সবশেষে পাকিস্তান সিরিজের দল থেকে ওয়ানডে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অপরিবর্তিত স্কোয়াড নিয়েই কিউইদের মোকাবিলা করবে টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে আগামীকালের ম্যাচে পরিবর্তন আসতে পারে।
পাকিস্তানের বিপক্ষে ইনিংস উদ্বোধন করেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ওপেনিংয়ে তানজিদের জায়গা পুরোপুরি সেট। তবে সাইফ হাসানের বিকল্প হিসেবে আছেন সৌম্য সরকার। কিন্তু এই সিরিজেও টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় সাইফই এগিয়ে আছেন। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিল টাইগার কোচ ফিল সিমন্স। সেক্ষেত্রে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। আর তিনে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তান সিরিজে ওপেনিং থেকে চারে নামিয়ে আনা হয় লিটনকে। এই সিরিজেও চারে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
পাকিস্তান সিরিজে মিডলে সুযোগ দেওয়া হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে। তবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। সেক্ষেত্রে আফিফের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ফিনিশিং রোলে থাকবেন অলরাউন্ডার রিশাদ হোসেন।
পাকিস্তান ম্যাচের বোলিং বিভাগ অপরিবর্তিত রেখেই মাঠে নামতে পারে বাংলাদেশ। দুই স্পিনার মিরাজ ও রিশাদের সঙ্গে পেস বিভাগে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে।
আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন/আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৬/বিটি



















