
গত কয়েকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে বড় আলোচনায় তারকা পেসার নাসিম শাহ। তবে মাঠের পারফরম্যান্সে নয়, মাঠের বাইরে বিতর্কিত এক মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই পেসার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্তিক মন্তব্য করে বড় শাস্তির মুখে পড়েছেন এই পেসার।
মারিয়াম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি বিতর্কিত মন্তব্য করেন নাসিম। তার এক্স হ্যান্ডেল থেকে পিসিবির একটি পোস্ট শেয়ার করে লেখা হয়, ‘লর্ডসে কেন তাকে রানির মর্যাদা দেয়া হচ্ছে?’
মূলত পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ামকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়। নাসিমের এমন বিতর্কিত মন্তব্যের কারণে তাকে ২ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ টাকা জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে পিসিবি জানায়, তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানির পর নাসিম শাহকে তার কেন্দ্রীয় চুক্তির বিভিন্ন ধারা এবং সোশ্যাল মিডিয়া নীতিমালা ভঙ্গের দায়ে দোষী করা হয়েছে। নাসিম শাহ নিঃশর্ত ক্ষমা চাইলেও তিনি কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন। তাই তার ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপ করা হয়েছে।
পিএসএলের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। এই অনুষ্ঠানের ছবি পিসিবির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়।
পরে নাসিমের অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করে এমন মন্তব্য করেন। তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা জন্ম দেয়। যদিও নাসিম পরে দাবি করেন, পোস্টটি তার ব্যক্তিগত মন্তব্য নয়, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে দোষী পেয়েছে পিসিবি।
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/বিটি





















