
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় মৃত্যুর পাশাপাশি নিখোঁজ আছেন অনেকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
এ নিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক ফেসবুক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’
জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় এক বার্তায় শোক জানিয়ে লিখেছেন, ‘কি মর্মান্তিক দুর্ঘটনা!!
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “…পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ”। আল্লাহপাক এই শহীদদের পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দিক।’
এই ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুজে শেয়ার করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আল্লাহ সবাইকে মাফ করে দিন।’ আরেক পোস্টে নারী দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার লিখেছেন, ‘এই দেশে আমাদের জন্য স্বাভাবিক মৃত্যু যেন এক আশীর্বাদ মনে হয়। আল্লাহ সবাইকে হেফাজত করেন।’
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/বিটি





















