বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের নেওয়া সিদ্ধান্ত ক্রিকেট বাজারে ধস নামাবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।
নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির কাছে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানায় বিসিবি, হয়েছে কয়েক দফা আলোচনাও।
তবে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি। এর পর থেকেই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছিল পাকিস্তান। খেলোয়াড়দের সাথে বৈঠকে পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে জিও নিউজকে রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করেছে, যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায়। কারণ যখন সরকার কোনো বিষয়ে সরাসরি জড়িত হয়ে পড়ে, তখন আইসিসির আর করার কিছু থাকে না।’
বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের পদক্ষেপের প্রশংসা করে লতিফ বলেন, ‘পাকিস্তান সঠিক পদক্ষেপ নিয়েছে। কারণ এটি বিলিয়ন ডলারের ব্রডকাস্টারদের বাজার, যা এখন মিলিয়নে নেমে আসবে। আইসিসি প্রায় ১০০-১৫০টি সদস্য দেশকে ফান্ডিং দেয়। যেখানে ৩ বিলিয়ন ডলারের বাজার ছিল, সেটি ১ বিলিয়নে নেমে আসলে সবার ফান্ডিংয়ে টান পড়বে।’
আইসিসি চাইলেই সবকিছু ঠিক করতে পারবে বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে। না খেললে আইসিসির ওপর অবশ্যই এর বড় প্রভাব পড়বে। বর্তমানে আইসিসি মূলত বিসিসিআইয়ের লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কীভাবে পরিচালনা করতে হয়।’
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৬/এআই
