
সিলেট টেস্টের প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলে ভালো অবস্থানে ছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুতেই সেই সুবিধাজনক অবস্থান দ্রুত বদলে যায়। বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পালাতেই চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মধ্যাহ্ন বিরতির সময় তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৬ রান।
দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই তিনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কা দেন। তার দারুণ এক ডেলিভারিতে আবদুল্লাহ ফজল উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এরপর পরের দিকের ওভারেও সফল হন তাসকিন। আজান আওয়াইসকে মুমিনুল হকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। মাত্র অল্প সময়ের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
দুই উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। তারা মিলে ৩৮ রানের একটি জুটি গড়েন। তবে সেই জুটি বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ।
মিরাজের করা এক বল বড় শট খেলতে গিয়ে শান মাসুদ ব্যাটের সঠিক সংযোগ করতে পারেননি। বল আকাশে উঠে গেলে বদলি ফিল্ডার নাঈম হাসান সহজ ক্যাচটি নেন। ২১ রান করে বিদায় নেন শান মাসুদ।
এরপর সৌদ শাকিলও মিরাজের ঘূর্ণির সামনে স্থির থাকতে পারেননি। তিনি সুইপ শট খেলতে গিয়ে ব্যাটের প্রান্তে বল লাগান। বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। মাত্র ৮ রান করে আউট হন শাকিল। এটি ছিল মিরাজের দ্বিতীয় সাফল্য।
এর আগে প্রথম দিনের খেলায় লিটন দাসের দুর্দান্ত ১২৬ রানের ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান সংগ্রহ করে।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৬/টিএ






















