
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। কিউইদের এই দাপুটে জয়ে আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও বিপাকে পড়েছে পাকিস্তান। বাবর-সালমানদের সেমিফাইনালে ওঠার পথ এখন কঠিন সমীকরণের ওপর দাঁড়িয়ে আছে।
বুধবার কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার ২৬ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বিপর্যয় সামাল দেন। জবাবে ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্রর তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। রাচিন রবীন্দ্রর ৪ উইকেট ও হেনরির ২ উইকেটে ধসে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপ। ২০ ওভারে মাত্র ১০৭ রানে থামে স্বাগতিকদের ইনিংস, ফলে ৬১ রানের বিশাল জয় পায় কিউইরা।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। এছাড়া টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে টিম ইংল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে কিউইরা জয় পেলে ৫ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিতে চলে যাবে, আর এতে পাকিস্তানের সব আশা সেখানেই শেষ হয়ে যাবে। এমনকি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হলেও ৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডই যাবে শেষ চারে।
পাকিস্তানের জটিল সমীকরণ
পাকিস্তানের সামনে এখন কেবল একটিই পথ খোলা। প্রথমত, তাদের প্রার্থনা করতে হবে যেন ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড বড় ব্যবধানে হেরে যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে কেবল জিতলেই হবে না বরং বিশাল ব্যবধানে জিততে হবে। যদি কিউইরা ২০ রানে হারে, তবে পাকিস্তানকে লঙ্কানদের বিপক্ষে অন্তত ৫০ রানের ব্যবধানে জিততে হবে নেট রানরেটে এগিয়ে থাকার জন্য। অর্থাৎ কিউইদের হারের ব্যবধান যত কম হবে, পাকিস্তানের জয়ের লক্ষ্য তত বড় হবে।
গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলে বর্তমানে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে (সেমি নিশ্চিত)। নিউজিল্যান্ড ১ জয় ও ৩ পয়েন্ট (+৩.০৫০ রানরেট) নিয়ে দ্বিতীয় স্থানে। পাকিস্তান মাত্র ১ পয়েন্ট (-০.৪৬১ রানরেট) নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে শ্রীলঙ্কা।
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৬/এনজি























