Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফেব্রুয়ারির সেরা হলেন পাকিস্তানি ক্রিকেটার

Pakistan cricketer named Player of the Month for February after a brilliant World Cup performance.
বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফেব্রুয়ারির সেরা হলেন সাহিবজাদা ফারহান। ছবি- আইসিসি

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন সাহিবজাদা ফারহান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পাচ্ছেন পাকিস্তানের এই মারকুটে ওপেনার। হারিস রউফের পর প্রথম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন ফারহান।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত পাকিস্তানের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ফারহান। পুরো আসরে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ডও গড়েন তিনি।

গত আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ৬ ইনিংসে ৭৬.৬০ গড় ও ১৬০.২৫ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করেন ফারহান। যা বিশ্বকাপের যেকোনো আসরে এক ব্যাটাররের সর্বোচ্চ রান। তাতে বিরাট কোহলির গড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন ফারহান।



ফারহানের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার কীর্তিও গড়েন তিনি। এছাড়া ফখর জামানের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়েন, যা টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি।

মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ফারহানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংল্যান্ডের উইল জ্যাকস এবং যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিক। তাদেরকে পেছনে ফেলে ফেব্রুয়ারির আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ২৯ বছর বয়সী এই ওপেনার।

এছাড়া মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন ভারতের বোলার অরুন্ধতী রেড্ডি। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল তার। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেন তিনি। তাতে শ্রীলঙ্কার হর্শিতা সামারাবিক্রমা ও পাকিস্তানের ফাতিমা সানাকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন এই ভারতীয় পেসার।

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট