Connect with us
ক্রিকেট

ভোরেই বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

Pakistan Cricket Team

চলতি মাসে ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সপ্তাহেই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ সামনে রেখে আগামীকাল রোববার (৮ মার্চ) ভোরে ঢাকায় পা রাখবে পাকিস্তানের ক্রিকেটাররা।

ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানের কোচিং স্টাফের ৫ সদস্য। দলটির প্রধান কোচ মাইক হেসনসহ সাপোর্ট স্টাফের আরও ৪ সদস্য আজ দুপুরে ঢাকায় পা রেখেছেন। তারা শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানান, কলম্বো থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন তারা।

আগামীকাল পূর্ণ দল নিয়ে ঢাকায় পা রাখবে পাকিস্তান। দলের স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটার ও কোচিং ও সাপোর্ট স্টাফের আরও ৭ সদস্য ঢাকায় আসবেন। রোববার ভোরে পাকিস্তানি ক্রিকেটারদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।



ঢাকায় এসে বিমানবন্দরেই সেহরি করবে পাকিস্তানের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন বিসিবির লজিস্টিক সাপোর্ট ও অপারেশনস স্টাফের দায়িত্বে থাকা ওয়াসিম খান। বিমানবন্দরে সেহরি শেষে সোনারগাঁ হোটেলে যাবে পাকিস্তান দল।

আগামী ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ দুপুর সোয়া দুইটায় শুরু হবে।

বাংলাদেশের স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়,লিটন কুমার দাস,আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম , মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তানের স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট