
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে আছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে শেষ টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের। তাই সিলেটে শেষ টেস্টে নিজেদের সেরা দল নিয়েই খেলতে চায় শান মাসুদের দল।
ঢাকা টেস্টে ১০৪ রানে হেরেছে পাকিস্তান। তবে সেই ম্যাচে ছিলেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। হাঁটুর চোটের কারণে ম্যাচের আগের দিন ছিটকে যান এই ব্যাটার। তবে দ্বিতীয় টেস্টের আগে তাকে নিয়ে সুখবর দিয়েছেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। শেষ ম্যাচে বাবর একাদশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
সিলেট টেস্টের আগের দিন আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসেন সরফরাজ আহমেদ। এ সময় বাবরের ফেরা নিয়ে সরফরাজ বলেন, ‘পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত বাবর। এটা আমাদের জন্য অনেক ইতিবাচক বিষয়। বাবর দারুণ ছন্দে আছে। গত পিএসএলে সে যেভাবে খেলেছে, তাতে তাকে কৌশলগতভাবে এবং মানসিকভাবে বেশ সতেজ মনে হচ্ছে। তাকে দলে ফিরে পেয়ে আমরা খুশি।’
প্রথম টেস্টে চতুর্থ দিন পর্যন্ত দুই দলেরই সমান সমান সুযোগ ছিল। তবে পঞ্চম দিনে বাংলাদেশের দেয়া টার্গেট তাড়া করতে নেমে শেষ দুই সেশনেই গুটিয়ে যায় পাকিস্তান। তবে শেষ টেস্টে দল হিসেবে পারফর্ম করে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান।
সরফরাজ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আপনি ভিন্নভাবে চিন্তা করেন। আপনাকে নিজের পারফরম্যান্স এবং সবকিছু নিয়ে ভাবতে হয়। কিন্তু কোচ হিসেবে আপনাকে দলের সব খেলোয়াড় এবং পুরো দলের কথা ভাবতে হয়। আমাদের এখন সবকিছু ঠিক আছে। আশা করি পরবর্তী ম্যাচে আমরা দল হিসেবে পারফর্ম করব এবং ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ।’
আগামীকাল শনিবার (১৫ মে) মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৫মে২৬/বিটি




















