Connect with us
ক্রিকেট

‘মুস্তাফিজকে সামলাতে আমাদের ব্যাটারদের সমস্যা হবে না’

Mustafiz__Shaheen Afridi

গত কয়েক বছরে বোলিং বিভাগে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। বিশেষ করে পেস বিভাগে একাধিক অপশন রয়েছে টাইগারদের। আর এই বিভাগের নেতৃত্বে আছেন মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র এই কাটার মাস্টার। তবে তাকে নিয়ে চিন্তিত নয় পাকিস্তান। বাংলাদেশের অন্যতম সেরা এই বোলারকে কোনো হুমকি হিসেবে দেখছেন না পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। আগামীকাল (বুধবার) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। এ সময় মুস্তাফিজকে নিয়ে কথা বলেন এই পেসার। তার মতে, মুস্তাফিজকে খেলার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের ব্যাটারদের। তাই তারা চিন্তিত নন।

শাহিন বলেন, আমার মনে হয়, ‘মুস্তাফিজকে খুব ভালো করেই চেনে ব্যাটাররা। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং বিপিএলেও কেউ কেউ খেলেছে। তাই আমার মনে হয়ে তাকে সামলাতে ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। খেলার পরিস্থিতি অনুযায়ী তারা তাদের স্বাভাবিক খেলাটাই খেলে যাবে।’



গত বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। দুটো সিরিজেই জয় পেয়েছে তারা। চলতি বছর এটাই তাদের প্রথম ওয়ানডে সিরিজ। এই সিরিজেও আগের মতো জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পাকিস্তান।

আফ্রিদি বলেন, ‘নিজেদের কন্ডিশনে সব দলই সেরা। বাংলাদেশ খুব ভালো দল। তারা ঘরের মাঠে ভালো খেলেছে এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে আমরাও দল হিসেবে তাদের মোকাবিলা করতে প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি। এই সিরিজেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

আগামীকাল (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় শুরু হবে ম্যাচটি। এরপর ১৩ ও ১৫ মার্চ একই মাঠে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট