Connect with us
ফুটবল

বিশ্বকাপের পর এবার আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন ওটামেন্ডি

অবসর নিলেন আর্জেন্টাইন তারকা নিকোলাস ওটামেন্ডি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওটামেন্ডি। এর আগেই তিনি জানিয়েছিলেন, এই বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ বড় আসর। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকলেন তিনি। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালই ছিল আর্জেন্টিনার জার্সিতে ওটামেন্ডির শেষ ম্যাচ। সেই ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। বিদায়ের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

ওটামেন্ডি লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন কথাগুলোর একটি আজ তাকে লিখতে হচ্ছে। শেষ ম্যাচটি বিশ্বকাপের ফাইনাল হওয়ায় গর্ব আছে, যদিও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তারপরও তিনি মাথা উঁচু করেই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন। তার ভাষায়, শেষ মুহূর্ত পর্যন্ত পুরো দল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে।



জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য আর্জেন্টিনার কাছে তিনি চিরকৃতজ্ঞ। এই জার্সি পরে মাঠে নামা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তাই নিজের সামর্থ্যের কোনো অংশই কখনও বাকি রাখেননি।

নতুন প্রজন্মের ফুটবলারদের উদ্দেশেও বার্তা দিয়েছেন ওটামেন্ডি। তিনি বলেছেন, কখনও বিশ্বাস হারানো যাবে না। কঠিন সময় এলেও লড়াই চালিয়ে যেতে হবে। বিনয়, ত্যাগ ও ভালোবাসা নিয়ে দেশের জার্সির মর্যাদা রক্ষা করতে পারলেই সাফল্য একদিন আসবেই।

জাতীয় দলকে বিদায় জানালেও পেশাদার ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। ইউরোপে দীর্ঘ সময় বিভিন্ন ক্লাবের হয়ে খেলার পর এখন দেশের ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ওটামেন্ডি খেলেছেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ। এই সময়ে তিনি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা। দীর্ঘ সময় ধরে রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অভিজ্ঞ ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল