
দুর্দান্ত এক জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মিরপুর টেস্টে সফরকারীদের ১০৪ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। এরপর সিলেটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই টেস্টের আগে বাংলাদেশ শিবিরে হানা দিয়েছে চোট।
সিলেট টেস্টের আগে চোটে পড়েছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। চোটের কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন সাদমান। আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর টেস্টে স্লিপে ফিল্ডিংয়ের সময় সালমান আলী আগার ব্যাটে লেগে আসা দ্রতগতির এক বলে ক্যাচ নিয়েছিলেন সাদমান। তখন বুকে ব্যথা পেয়েছিলের তিনি। যদিও তখন সেটা গুরুতর মনে হয়নি। তবে আজ সিলেটে ব্যাটিং অনুশীলন করার সময় সেই চোট আবার নতুন করে ফিরেছে। যে কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না এই ওপেনারের।
এ প্রসঙ্গে বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, ‘মিরপুর টেস্টে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান। তার বুকে এখনো ব্যাথা থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছে না।’
সাদমান ছিটকে পড়ায় দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে বিসিবি। সাদমানের বিকল্প হিসেবে জাকির হাসানকে দলে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যে ঢাকা থেকে সিলেটে পৌঁছেছেন এই ওপেনার। আগামী শনিবার (১৬ মে) মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তানজদি হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/বিটি



















