
সারাদেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন। মাঠে ব্যস্ততা না থাকায় বেশিরভাগ ক্রিকেটারই নিজ নিজ এলাকায় ঈদ কাটিয়েছেন।
বাংলাদেশ দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান-এর জন্য এবারের ঈদটা ছিল অন্যরকম। নিজের শহর খুলনায় পরিবারের সঙ্গে ঈদ করলেও মনে ছিল গভীর শূন্যতা। কিছুদিন আগেই অসুস্থ অবস্থায় তার মা মারা যান। সে সময় ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে গিয়ে তিনি বগুড়ায় ছিলেন।
মায়ের মৃত্যুর খবর পেয়ে সেখান থেকেই দ্রুত খুলনায় ফিরে আসেন মেহেদী। কিন্তু সময় আর সুযোগের অভাবের কারণে শেষ মুহূর্তগুলোতে মায়ের পাশে থাকা হয়নি তার।
ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেহেদী লিখেছেন, জীবনে প্রথমবার মাকে ছাড়া ঈদ করছেন তিনি। তার মতে, পৃথিবীতে অনেকেই ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কারও নয়।

তিনি আরও লিখেছেন, মা থাকলে ঈদের আনন্দ অনেক বেশি হয়। মাকে ছাড়া ঈদ কখনো পূর্ণ হয় না। এবারের ঈদ তাই তার কাছে আনন্দের সঙ্গে কষ্টও নিয়ে এসেছে।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৬/টিএ























