বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হেরে রানারআপ হয় লিওনেল মেসির দল। তবে এই হারেও কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক মেসির প্রতি সমর্থকদের আস্থা কমেনি। বরং একটি জাতীয় জরিপে দেখা গেছে, বেশির ভাগ আর্জেন্টাইন এখনও এই দুজনের নেতৃত্বে বিশ্বাস রাখছেন।
বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই দেশজুড়ে একটি জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান জিয়াকোব্বে কনসালতোরেস। সেখানে এক হাজার ২০০ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ মানুষ চান, স্কালোনিই জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যান।
মেসির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সমর্থকেরা। প্রায় ৪৪ শতাংশ উত্তরদাতা চান, তিনি ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলুন। আবার ৩৭ শতাংশের মত, অন্তত পরবর্তী কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেখা উচিত এই তারকাকে। মেসিকে নিয়ে সবচেয়ে বেশি উঠে এসেছে কৃতজ্ঞতা, প্রতিভা ও চ্যাম্পিয়নের মতো বিশেষণ। অন্যদিকে স্কালোনিকে অনেকেই যোগ্য নেতা হিসেবে উল্লেখ করেছেন।
তবে জরিপের সবচেয়ে আলোচিত অংশ ছিল ফাইনালে হারের কারণ নিয়ে মানুষের মতামত। ৪৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, ফুটবলীয় দিক থেকে স্পেনই ভালো খেলেছে। কিন্তু উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বিশ্বাস করেন, মাঠের বাইরের নানা কারণও এই পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
জরিপ অনুযায়ী, প্রায় এক-তৃতীয়াংশ উত্তরদাতা মনে করেন ফাইনালের হার শুধু খেলার কারণে হয়নি। কেউ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, কেউ মনে করেন আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে দিতে চায়নি প্রভাবশালী মহল। আবার অনেকে ইংল্যান্ডকে হারানোর পর খেলোয়াড়দের প্রদর্শিত মালভিনাস দ্বীপপুঞ্জ-সংক্রান্ত ব্যানারকেও নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে দেখেছেন।
তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনার বেশির ভাগ মানুষ। তাদের বিশ্বাস, একটি ফাইনালে হার স্কালোনি ও মেসির নেতৃত্বে গড়ে ওঠা দলের প্রতি আস্থা কমিয়ে দিতে পারেনি। বরং শিরোপা হাতছাড়া করার হতাশা থেকেই অনেক সমর্থক পরাজয়ের ভিন্ন ব্যাখ্যা খুঁজছেন।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ



