Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিচ্ছে ওমান

ওমান বনাম আয়ারল্যান্ড। ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে ওমান। শনিবার আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলেও ওমানের সামনে আর সুপার এইটে খেলার কোনো গাণিতিক সুযোগ নেই।

বি-গ্রুপে থাকা ওমান এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে। বর্তমানে তাদের ঝুলিতে কোনো পয়েন্ট নেই। শেষ ম্যাচে জয় পেলেও তারা সর্বোচ্চ ২ পয়েন্ট পাবে।

অপরদিকে, এই গ্রুপে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে এবং সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আয়ারল্যান্ড। ফলে ওমানের বিদায় এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে তারা।



শনিবার কলম্বোয় টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা, যা এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান।

আয়ারল্যান্ডের পাহাড়সম সংগ্রহের মূল কারিগর অধিনায়ক লরকান টাকার। তিনি ৫১ বলে ৯৪ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার। একপর্যায়ে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও টাকার ও গ্যারেথ ডেলানির (৩০ বলে ৫৬) ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে জর্জ ডকরেল মাত্র ৯ বলে ৫টি ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন। ওমানের পক্ষে শাকিল আহমেদ ৩টি উইকেট নেন।

২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ওমান। দলের পক্ষে আমির কলিম ও হাম্মাদ মির্জা লড়াই করার চেষ্টা করলেও বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ। এই দুজন এবং সুফিয়ান মেহমুদ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আয়ারল্যান্ডের পক্ষে জর্জ লিটল ৩টি এবং ম্যাথু হামফ্রেইস ও ব্যারি ম্যাকার্থি ২টি করে উইকেট নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট