বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি ফ্রান্সের। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে আসর শেষ করতে হয়েছে তাদের। তবে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মাইকেল ওলিসে। এক আসরে সর্বোচ্চ গোলে অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়ে তিনি ভেঙে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের ৫৬ বছর ধরে অক্ষত থাকা কীর্তি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। ৪৮তম মিনিটে কিলিয়ান এমবাপের প্রথম গোল এবং ৬৬তম মিনিটে তার দ্বিতীয় গোল দুটিতেই শেষ পাসটি দেন ওলিসে। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট গোলে অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৭।
এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে পেলে করেছিলেন ৬টি গোলে অ্যাসিস্ট। দীর্ঘ ৫৬ বছর ধরে সেটিই ছিল এক আসরে সর্বোচ্চ গোলে সহায়তার রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন ২৪ বছর বয়সী ওলিসে।
চলতি বিশ্বকাপে ওলিসের করা সাতটি গোলে অ্যাসিস্টের মধ্যে পাঁচটিই কাজে লাগিয়ে গোল করেছেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে নির্দিষ্ট দুই খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি গোল-অ্যাসিস্টের নতুন রেকর্ডও এটি। একই ম্যাচে জোড়া গোল করে এমবাপেও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।
তবে এই সাফল্যের পাশাপাশি একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লিখিয়েছেন ওলিসে। পুরো টুর্নামেন্টে ২০টি শট নিয়েও তিনি একটি গোল করতে পারেননি। এর আগে ২০১০ বিশ্বকাপে লিওনেল মেসিও ২০টি শট নিয়েও গোলের দেখা পাননি। ফলে বিশ্বকাপে গোল না করেও সবচেয়ে বেশি শট নেওয়ার যৌথ রেকর্ড এখন ওলিসে ও মেসির দখলে।
দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে এবারের বিশ্বকাপ ওলিসের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পেলের মতো কিংবদন্তির রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখলেন এই ফরাসি মিডফিল্ডার।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৬/টিএ



