
ফুটবলে প্রায়ই দেখা যায়, কোনো খেলোয়াড় স্পষ্টভাবে অফসাইডে থাকলেও খেলা কিছু সময় চলতে থাকে। পরে সহকারী রেফারি পতাকা তোলেন। এতে খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে খেলা চালিয়ে যাওয়ার কারণে চোটের ঝুঁকিও বেড়ে যায়।
এই সমস্যা কমাতে আসন্ন বিশ্বকাপে নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ফিফা। এর মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত আরও দ্রুত নেওয়া সম্ভব হবে এবং সহকারী রেফারিরা প্রয়োজন হলে সঙ্গে সঙ্গেই সংকেত পাবেন।
নতুন ব্যবস্থায় কোনো খেলোয়াড় যদি ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকেন, তাহলে সহকারী রেফারির কাছে তাৎক্ষণিকভাবে একটি শব্দসংকেত পৌঁছে যাবে। ফলে সিদ্ধান্ত নিতে কম সময় লাগবে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার হয়েছিল। তবে তখন অনেক বেশি দূরত্বে অফসাইড হলে তবেই সংকেত পাঠানো হতো। এবার সেই সীমা আরও কমানো হয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মাঠের রেফারি ও সহকারী রেফারির কাছেই থাকবে। কোনো কারণে প্রযুক্তিগত ত্রুটির সন্দেহ হলে তাঁরা নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
ফিফা জানিয়েছে, খুব কাছাকাছি অবস্থানের অফসাইড বা জটিল কিছু পরিস্থিতিতে এই প্রযুক্তির সীমাবদ্ধতা থাকতে পারে। বিশেষ করে একাধিক খেলোয়াড় কাছাকাছি থাকলে কিংবা কেউ মাঠে পড়ে থাকলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে।
এ ছাড়া কোনো খেলোয়াড় সরাসরি বল না ছুঁয়েও প্রতিপক্ষের খেলায় বাধা দিচ্ছেন কি না, সে ধরনের বিষয় প্রযুক্তি নয়, রেফারিকেই নির্ধারণ করতে হবে।
বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ের ডিজিটাল প্রতিরূপও তৈরি করা হবে। এ জন্য প্রত্যেক খেলোয়াড়কে বিশেষ একটি কক্ষে একবার স্ক্যান করা হবে। পুরো কাজটি সম্পন্ন হতে সময় লাগবে মাত্র এক সেকেন্ড।
এর ফলে অফসাইডের সিদ্ধান্ত টেলিভিশন দর্শক এবং মাঠে উপস্থিত দর্শকদের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরা যাবে। কোন অবস্থানে খেলোয়াড় ছিলেন, সেটি বিস্তারিতভাবে দেখানো সম্ভব হবে।
শুধু অফসাইড নয়, গোল হওয়ার আগে বল মাঠের সীমানা অতিক্রম করেছিল কি না, সেটিও নতুন প্রযুক্তির সাহায্যে আরও নির্ভুলভাবে যাচাই করা হবে। পাশাপাশি বলের ভেতরে থাকা বিশেষ যন্ত্রের মাধ্যমে জানা যাবে, সর্বশেষ কোন খেলোয়াড় বল স্পর্শ করেছিলেন।
ফিফার আশা, নতুন এই ব্যবস্থা মাঠের বিতর্ক কমাবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াবে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়তা করবে।
ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/টিএ





















