বিপিএল শুরুর আগে নিজেকে নিয়ে অনিশ্চয়তায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাঁটুর চোটে ভুগছিলেন, মাঠে ফিরতে পারবেন কি না সেই প্রশ্নও ছিল। অথচ কয়েক সপ্তাহ পরই ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্ট শেষ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেই লড়াইয়ের কথাই তুলে ধরলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
ফেসবুকে জিমে তোলা একটি সেলফি শেয়ার করে রিয়াদ লিখেছেন, রিহ্যাবের সময়টা ছিল অত্যন্ত কঠিন একটা মূহুর্ত। তখনও নিশ্চিত ছিলেন না, এবারের বিপিএলে খেলতে পারবেন কি না। হাঁটুর চোট নিয়ে লড়াই করছিলেন, মানসিকভাবেও ছিলেন চাপে।
ফেসবুক পোস্টে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলেন। নিজের চেষ্টা চালিয়ে গেছেন, বাকিটা বিশ্বাসের জায়গায় রেখেছেন। তাঁর মতে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে কিছুই অসম্ভব নয়। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত মাঠে ফিরতে পেরে এবং সুযোগটাকে সম্মানিত করতে পেরেছি।
এদিকে এবারের বিপিএল নিলামে রিয়াদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। শুরুর দিকে নিলামে কোনো দল তাকে নেয়নি। পরে রংপুর রাইডার্স দলে ভেড়ায় অভিজ্ঞ এই ক্রিকেটারকে। সুযোগ পেয়ে ব্যাট হাতে দলের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।
চোট, অনিশ্চয়তা আর বয়সের ভার সবকিছুর মাঝেও ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করে দলকে একা হাতে একাধিক ম্যাচও জিতিয়েছেন। যদিও এসব রিয়াদের জন্য নতুন কিছু নয়। তবে এবারের বিপিএল শেষে তাঁর পোস্টে স্পষ্ট, এই প্রত্যাবর্তনটা ব্যক্তিগতভাবে অন্যরকম তৃপ্তির।
উল্লেখ্য, এবারের বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। বিপিএল নিলামের সময় শুরুর দিকে কোনো দল মাহমুদউল্লাহ ও মুশফিককে দলে ভেড়ায়নি। নিলামে বি ক্যাটাগরিতে থাকা দুই সিনিয়র ক্রিকেটারকে পরবর্তীতে নিলাম শেষ হওয়ার আগে দলে ভেড়ায়। মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৬/টিএ
