Connect with us
ক্রিকেট

সাকিবকে না চাওয়া মানে ‘বোকার স্বর্গে’ বাস করা : কোচ সালাহউদ্দীন

সাকিব আল হাসান ও কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। ছবি- সংগৃহীত

প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফর্ম ও ফিটনেস সাপেক্ষে নির্বাচকদের সবুজ সংকেত পাওয়ার খবরের মাঝেই সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারের প্রয়োজনীয়তা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন তার দীর্ঘদিনের গুরু ও কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোচ সালাহউদ্দীন বলেন, দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।



সাকিবকে কেন এখনো অপরিহার্য মনে করেন, তার ব্যাখ্যায় সালাহউদ্দীন বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসাম্য চলে আসে। একজন বোলার ও একজন ব্যাটসম্যান— আপনি দুই দিকেই তাকে পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যেকোনো দলই চাইবে।

উল্লেখ্য, ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। তবে জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরার পথে আইনি জটিলতা তৈরি হয়েছে। হত্যা ও দুর্নীতির মামলা মাথায় নিয়ে দেশের বাইরে থাকা সাকিবের জন্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।

বোর্ড সূত্রে জানা গেছে, আইনি সুরক্ষা পেলে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সাকিবকে দলে চায় বিসিবি। সাকিব নিজেও দেশের হয়ে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট