Connect with us
ফুটবল

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

অভিযোগ হাতে নোয়াখালীর যুবক। ছবি: সংগৃহীত

নোয়াখালীর এক তরুণ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ পরিচালনাকারী বিচারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এ ধরনের অভিযোগ গ্রহণের আইনগত ক্ষমতা না থাকায় পুলিশ তা নেয়নি।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ পরিচালনাকারী বিচারক ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।

লিখিত অভিযোগে রাকিব বলেন, মঙ্গলবার রাতে তিনি করমুল্যা বাজারে বড় পর্দায় অন্য দর্শকদের সঙ্গে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখেন। তার দাবি, ম্যাচ চলাকালে বিচারক ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার কারণে ম্যাচের ফল বদলে গেছে বলে অভিযোগ করেন তিনি।



রাকিব আরও দাবি করেন, এসব সিদ্ধান্তে তিনি এবং মিশরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণ অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে। তাই অভিযোগ গ্রহণ করা হয়নি। প্রয়োজন হলে তিনি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে পারেন বলেও জানানো হয়েছে।

পরে মো. রাকিব বলেন, পুলিশ তার অভিযোগ মামলা হিসেবে নেয়নি। তাই তিনি একই অভিযোগ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল