Connect with us
ফুটবল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

‘জন্ম যেখানেই হোক, দেশের জার্সি জড়ান সবাই বাংলাদেশি’

Bangladesh began their SAFF campaign by defeating Pakistan, thanks to Ronan’s brace.
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে জয় তুলে নেয় যুব দল। এই ম্যাচে সবচেয়ে আলো ছড়ান রোনান বেঞ্জামিন সুলিভান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার দুইটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

দলের এমন জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি শুরুতেই বলেন, এই জয় দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফুটবলে একক নৈপুণ্য যতই ভালো হোক, শেষ পর্যন্ত দলগত খেলাই সাফল্য এনে দেয়।

আমিনুল মনে করেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ছেলেরা সামগ্রিকভাবে ভালো খেলেছে। তবে কিছু জায়গায় সমন্বয়ের ঘাটতিও চোখে পড়েছে। বিশেষ করে আক্রমণভাগে বোঝাপড়া আরও ভালো হলে ব্যবধান আরও বড় হতে পারত। তার মতে, রোনান বেঞ্জামিন সুলিভানের মতো খেলোয়াড়কে আরও বেশি সুযোগ তৈরি করে দেওয়া গেলে দল আরও উপকৃত হতো।



বিদেশে বেড়ে ওঠা বা প্রবাসী খেলোয়াড়দের নিয়ে কোনো বিভাজন না করার আহ্বানও জানান তিনি। তার ভাষায়, একজন খেলোয়াড় কোথায় জন্ম নিয়েছে বা কোথায় বড় হয়েছে, সেটি বড় বিষয় নয়। দেশের হয়ে খেলতে নামলেই সবাই একই পরিচয়ের। লাল-সবুজ জার্সি গায়ে তুললে সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।

তিনি আরও বলেন, মাঠে নামলে খেলোয়াড়দের একে অপরের প্রতি আস্থা রাখতে হবে। দলগত বোঝাপড়া ও যোগাযোগ যত ভালো হবে, ততই ভালো ফল আসবে। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের স্বার্থকে সবার আগে রাখতে হবে।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, এই জয় আত্মবিশ্বাস বাড়াবে। সামনে আরও কঠিন ম্যাচ আছে, সেখানে একই মনোভাব ধরে রাখতে পারলে বাংলাদেশ দল আরও ভালো করবে।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল