Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার কঠোর নিয়ম

বাংলাদেশের মতো দলের বিপক্ষে জিতলে বোনাস নেই, হারলে জরিমানা

Sri Lanka’s strict rule: No bonus for beating teams like Bangladesh, but penalties for losing.
বাংলাদেশের মতো দলগুলোকে হারালে কোনো বোনাস পাবে না শ্রীলঙ্কার খেলোয়াড়েরা। ছবি- এএফপি

গত কয়েক বছরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পারফরম্যান্সে বেশ অবনতি ঘটেছে। বিশেষ করে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি দলটি। এবার দলের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে কঠোর এক নিয়ম নিয়ে হাজির হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক থেকে নয় নম্বরে থাকা দলগুলোকে হারালেই বোনাস পেতেন শ্রীলঙ্কার খেলোয়াড়েরা। তবে এবার এই বোনাসের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে শুধু র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারের মধ্যে থাকা দলগুলোর বিপক্ষে জিতলেই বোনাস পাবেন ক্রিকেটাররা। তবে এক থেকে চারের বাইরে থাকা দলগুলোকে হারালে মিলবে না কোনো বোনাস। বরং হেরে গেলে শাস্তির মুখে পড়তে হবে ক্রিকেটারদের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার বেশকিছু গণমাধ্যম।

খেলোয়াড়দের পুরস্কার পদ্ধতিতেও পরিবর্তন আসছে।ওয়ানডে সিরিজ জিতলে র‍্যাঙ্কিং এবং হোম ও অ্যাওয় সিরিজের ওপর নির্ভর করে মিলবে বোনাস। অ্যাওয়ে সিরিজে জিতলে পুরস্কার বেশি। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে হোম ও অ্যাওয়েতে জিতলে একই বোনাস।



টেস্টে অ্যাওয়ে সিরিজে এক নম্বর দলকে হারালে ১ লাখ ৫০ হাজার ডলার বোনাস মিলবে। র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা দলকে হারালে ১ লাখ ডলার বোনাস পাবেন খেলোয়াড়েরা। এছাড়া র‍্যাঙ্কিংয়ে তিন ও চার নম্বরে থাকা দলকে হারালে যথাক্রমে ৭৫ হাজার ডলার ও ৬০ হাজার ডলার বোনাস মিলবে।

টেস্টে হোম সিরিজের ক্ষেত্রে বোনাস কিছুটা কম। এক নম্বর দলকে হারালে ১ লাখ ডলার বোনাস দেওয়া হবে। দুই নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার বোনাস পাবেন। এছাড়া তিন ও চার নম্বরে থাকা দলকে হারালে যথাক্রমে ৫০ হাজার ডলার ও ২৫ হাজার ডলার বোনাস পাবে ললঙ্কানরা।

খেলোয়াড়দের শুধু জিতলেই হবে না। জরিমানা এড়াতে র‍্যাঙ্কিংয়ের পাঁচ থেকে পরবর্তীতে থাকা দলগুলোর বিপক্ষে হার এড়াতে হবে। নাহলে প্রতি ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হবে। শ্রীলঙ্কান গণমাধ্যমের দাবি, আগামী সপ্তাহেই এই প্রস্তাবনা খেলোয়াড়দের সামনে উপস্থাপন করা হবে।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট