বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। দীর্ঘ ১৬ বছর পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে দলটি। তবে এমন ঐতিহাসিক মুহূর্তেও নিজের প্রিয় ফুটবলার নেইমারকে ভুলে যাননি স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর তিনি এই সাফল্য ব্রাজিলের তারকার প্রতি উৎসর্গ করেছেন।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। সেই গোলের পেছনে বড় অবদান ছিল নিকোর। তার বাড়ানো বল থেকেই গোলটি করেন তোরেস। এর আগে অতিরিক্ত সময়ের প্রথম ভাগে নিকো নিজেও বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু সতীর্থের ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে নিকো বলেন, বিশ্বকাপ জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এরপরই তিনি নেইমারের কথা তুলে ধরেন। নিকো বলেন, এই শিরোপা তিনি নিজের আদর্শ ফুটবলার নেইমারকে উৎসর্গ করতে চান।
তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। এর চেয়ে বড় কিছু আমার কাছে হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা আমি তাকে উৎসর্গ করছি।’
বাতিল হওয়া গোল নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান স্পেনের এই ফুটবলার। নিকোর ভাষায়, দল বিশ্বকাপ জিতেছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। ব্যক্তিগত গোল না থাকলেও শিরোপা জয়ের আনন্দেই তিনি সন্তুষ্ট।
অন্যদিকে, নেইমারের জন্য এবারের বিশ্বকাপ সুখকর ছিল না। চোট কাটিয়ে দলে ফিরলেও পুরো আসরে খুব বেশি সময় মাঠে নামার সুযোগ পাননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং শেষ ষোলোতে বদলি হিসেবে খেলেন তিনি। নরওয়ের বিপক্ষে একটি গোলও করেছিলেন, কিন্তু আরলিং হালান্ডের জোড়া গোলে হেরে ব্রাজিল বিদায় নেয়।
ব্রাজিলের বিশ্বকাপ শেষ হলেও নেইমারের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি নিকো। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও তিনি জানিয়ে দিলেন, ছোটবেলা থেকে যাকে দেখে ফুটবল শিখেছেন, সেই নেইমারই এখনও তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
ক্রিফোস্পোর্টস/২০জুলাই২৬/টিএ



