
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর ব্যক্তিগত রাঁধুনি। অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক সমস্যায় পড়েছেন বলে আদালতে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি বর্তমানে ব্রাজিলের একটি শ্রম আদালতে বিচারাধীন।
ব্রাজিলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারী আদালতে বলেছেন যে নেইমারের বাসভবনে কাজ করার সময় তাকে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হতো। অনেক দিনই প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে বলে দাবি করেছেন তিনি। ভারী জিনিস বহন করার কারণে তাঁর পিঠে ব্যথা এবং নিতম্বে প্রদাহের সমস্যা দেখা দিয়েছে বলেও জানান।
অভিযোগে বলা হয়েছে, নেইমারের বাড়িতে প্রতিদিন ১৫০ জনের বেশি মানুষের জন্য রান্না করতে হতো তাকে। ব্রাজিলের মানগারাতিবা এলাকায় নেইমারের বাসভবনে তিনি কাজ করতেন। সেখানে রান্নার পাশাপাশি মাংসসহ নানা ভারী জিনিস বহন করতে হতো, যা তাঁর শারীরিক সমস্যার কারণ হয়েছে বলে দাবি করেন।
আদালতে তিনি আরও জানান, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা করাতে হয়েছে। এই অবস্থার জন্য তিনি নেইমারের কাছে ভরণপোষণ ভাতা দাবি করেছেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের বাসায় রান্নার কাজের জন্য ওই নারীর মাসিক বেতন ছিল প্রায় চার হাজার ব্রাজিলীয় মুদ্রা। অতিরিক্ত কাজের ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে মাসে প্রায় সাড়ে সাত হাজার ব্রাজিলীয় মুদ্রা পর্যন্ত পেতেন বলে তিনি আদালতে জানিয়েছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, তাকে মূলত সপ্তাহের কর্মদিবসে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়েছে। নেইমারের বাড়িতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এদিকে, নেইমারের পাশাপাশি একটি কোম্পানির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এই কোম্পানির মাধ্যমেই ওই রাঁধুনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাসভবনে কাজের জন্য নিয়োগ পান।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সেখানে কাজ করেছেন। এ সময় তিনি নেইমারের প্রধান বাসভবন কাসা হোটেল পোর্তোবেল্লো এবং পাশের আবাসিক এলাকা কনডোমিনিও পোর্তোবেল্লোতে দায়িত্ব পালন করেছেন।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/টিএ

























