Connect with us
ফুটবল

সমালোচনার চাপে ক্লান্ত নেইমার, বললেন ‘নেইমার হয়ে বাঁচা কঠিন’

Neymar
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেইমারকে ঘিরে। আগামী সোমবার ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করবে ব্রাজিল। তার আগে খেলোয়াড়দের বর্তমান অবস্থা দেখতে ব্যস্ত সময় পার করছেন দলের কোচ কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া লিগে মিরাসোল ও সান্তোসের ম্যাচ দেখতে মাঠে যান আনচেলত্তি। মূলত সান্তোসের তারকা ফুটবলার নেইমারের পারফরম্যান্স দেখতেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। দীর্ঘ দুই বছর পর নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকায় এই উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে ম্যাচটিতে মাঠে নামতে পারেননি নেইমার। পেশির ক্লান্তির কারণে শেষ মুহূর্তে তাকে বিশ্রামে রাখা হয়। তবুও খেলা শুরুর প্রায় বিশ মিনিট আগে মাঠে পৌঁছে পুরো ম্যাচটি দেখেন ব্রাজিল কোচ।



দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো ও এস্তেভাও চোটের কারণে মাঠের বাইরে থাকায় নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখন আরও জোরালো হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার ঘোষিতব্য প্রাথমিক দলে তার নাম থাকতে পারে। তবে তার আগে রবিবার করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচে নেইমার খেলতে পারেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে মাঠের বাইরের নানা আলোচনা ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে এবার নীরবতা ভেঙেছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বার্তায় নিজের ওপর আসা মানসিক চাপ নিয়ে কথা বলেছেন তিনি।

নেইমার বলেন, তাকে ঘিরে অনেক সময় এমন সব গল্প ছড়ানো হয় যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তার মতে, তিনি যা-ই করেন না কেন, সবকিছুর জন্যই সমালোচনার মুখে পড়তে হয়।

তার মতে, চোট নিয়ে খেললে বলা হয় তিনি ভুল করছেন, আবার নিজের শরীরের কথা ভেবে সতর্ক থাকলেও সমালোচনা করা হয়। ব্যথা নিয়েও মাঠে নামলে দোষ ধরা হয়। তাই সবাইকে সন্তুষ্ট করা তার পক্ষে সম্ভব নয়।

ব্যক্তিগত চাপের কথা বলতে গিয়ে নেইমার আরও বলেন, অনেকেই প্রতিদিন পাশে থাকার কথা বলেন, কিন্তু সুযোগ পেলেই তাকে নিয়ে নানা কথা ছড়ান। তার মতে, নেইমার হয়ে জীবন কাটানো সহজ নয় এবং এসব সামলাতে অনেক ধৈর্য ও সাহসের প্রয়োজন হয়।

আনচেলত্তির অধীনে নতুনভাবে পথচলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল দল। আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। জাতীয় দলের তালিকায় নেইমারের নাম থাকে কি না, সেটি জানা যাবে সোমবার দল ঘোষণার পর।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল