
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। এরপর ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের প্রাথমিক দলে রাখা হয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারকে। তবে চোটের কারণে তাঁর চূড়ান্ত দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন। তার আগে খেলোয়াড়দের বর্তমান অবস্থার দিকে নজর রাখছেন তিনি। এ সময় সান্তোসের ম্যাচে নেইমারের খেলা দেখার কথাও ছিল তাঁর।
কিন্তু নতুন করে মাংসপেশিতে সমস্যা দেখা দেওয়ায় ব্রাজিলিয়ান সিরি আ প্রতিযোগিতায় মিরাসলের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলবেন না নেইমার। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মিরাসলের মাঠে বসে এই ম্যাচ দেখার কথা রয়েছে আনচেলত্তির। ফলে নেইমার মাঠে না থাকায় তাঁকে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন না ব্রাজিল কোচ।
সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমার নিজেই চোটের বিষয়টি জানালে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে করিন্থিয়ান্সের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে। আগামী রোববার সেই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের। অর্থাৎ চূড়ান্ত দল ঘোষণার আগে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন মাত্র একটি ম্যাচে।
গত ২৭ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের হয়ে জোড়া গোল করেছিলেন নেইমার। সে ম্যাচে পুরো সময় খেলেও এরপর আর মাঠে নামেননি তিনি। বয়স এখন চৌত্রিশ হলেও এখনো জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়েই খেলছেন এই ফরোয়ার্ড।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর মতে, মিরাসলের বিপক্ষে ম্যাচে নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় দেখতে চেয়েছিলেন আনচেলত্তি। কিন্তু চোটের কারণে তিনি খেলতে না পারায় ধারণা করা হচ্ছে, এখনো শতভাগ সুস্থ নন নেইমার। আর কোচ আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট হলেই কেবল জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে তাঁকে।
ব্রাজিল জাতীয় দলে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে।
গত সপ্তাহে সান্তোসের অনুশীলনে সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি নেইমার। তিনি জিমে আলাদা অনুশীলন করেছেন। তবে গত রোববার দলের কৌশলগত অনুশীলনে অংশ নেন। করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচটি দেখতে গ্যালারিতে থাকবেন ব্রাজিল দলের সহকারী কোচ মিনো ফুলকো এবং গোলরক্ষক কোচ ক্লদিও তাফারেল।
অন্যদিকে একই দিনে বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর ম্যাচ দেখতে নিল্টন সান্তোস মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে আনচেলত্তির।
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। প্রতিযোগিতাটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/টিএ























