
ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। ইনজুরির সঙ্গে লড়াই করে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। বৃহস্পতিবার ভোরে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ২০ মিনিটের মতো খেলেন এই সুপারস্টার।
নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। এই ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র এবং একটি গোল এসেছে ম্যাথিউস কুনিয়ার পাঁ থেকে।
এদিন ম্যাচের ৭৬তম মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। শেষে অল্প সময় খেলে কোনো গোলের দেখা না পেলেও কিছু সুযোগ তৈরি করেছিলেন। ম্যাচশেষে মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দীর্ঘ ৩২ মাস পর মাঠে ফেরার অনুভূতি জানিয়ে নেইমার বলেন, ‘আমি মাঠে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ড্রেসিংরুমে বসে কেঁদেছি। এতদিন পর আবার এই অনুভূতিগুলো ফিরে পাওয়া আমার জন্য বড স্বস্তির ব্যাপার।’
নেইমারের কথা বলার একপর্যায়ে আর্জেন্টাইন মহাতারকা এবং তার বন্ধু ও সাবেক সতীর্থ মেসির প্রসঙ্গ উঠে আসে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। মেসিকে নিয়ে নেইমার বলেন, ‘মেসি মাঠের বাইরে মানুষ হিসেবে অনেক ভালো। মাঠে সে কতটা অসাধারণ, সেটা সবাই দেখেছে। তাহলে ভাবুন, মাঠের বাইরে সে কতটা ভালো মানুষ!’
নেইমার দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচগুলোতেও দুজনের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। তবে মাঠে দেখা না হলেও মাঠের বাইরে নিয়মিত যোগাযোগ হয় তাদের। এমনকি বিশ্বকাপ চলাকালে দুজনের কথা হয়েছে। নেইমার বলেন, ‘আমরা দুজনে অনেক কথা বলি। এই বিশ্বকাপ চলাকালেও আমাদের কথা হয়েছে। সে জানে, আমি তাকে কতটা ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’
এছাড়া আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেইমার বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে আমি সবসময় অনেক ভালোবাসা পেয়েছি। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
নেইমার এখন অনেকটাই ফিট আছেন। স্কটল্যান্ড ম্যাচে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই খেলেছেন তিনি। আসন্ন নকআউট পর্বের ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাবে, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৬/বিটি



















