
আসন্ন বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচগুলোর জন্য ঘোষিত দলে জায়গা হয়নি তারকা ফুটবলার নেইমার-এর। দীর্ঘদিন পর দলে ফেরার আশায় থাকলেও বাদ পড়ায় নিজের হতাশার কথা প্রকাশ করেছেন তিনি।
সোমবার এক ম্যাচ চলাকালীন এ বিষয়ে কথা বলেন নেইমার। তিনি জানান, দলে ডাক না পাওয়ায় তার খারাপ লেগেছে। বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে এখানেই থেমে থাকতে চান না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজের লক্ষ্য ঠিক রেখে অনুশীলন ও খেলায় মনোযোগ ধরে রাখার কথা বলেছেন তিনি। তার বিশ্বাস, সামনে এখনো সুযোগ আছে এবং তিনি লড়াই চালিয়ে যাবেন।
দল ঘোষণার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন নেইমার। সেখানে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজের কাজ করে যেতে হবে এবং সময়ই সবকিছু ঠিক করে দেবে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। এরপর থেকে বারবার চোট ও ফিটনেস সমস্যায় পড়ায় মাঠে নিয়মিত খেলতে পারেননি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে তার আগের ফর্ম ও ফিটনেসে ফিরতে হবে।
নেইমার না থাকলেও দলে ফিরেছেন তরুণ ফুটবলার এনড্রিক। এছাড়া ঘরোয়া লিগ থেকে কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়ে নতুনদের ওপর আস্থা দেখিয়েছেন কোচ।
সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই নেইমার কি আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারবেন? সময়ই তার উত্তর দেবে।
এদিকে নেইমার দলে না থাকলেও নতুন কিছু মুখ সুযোগ পেয়েছে। তরুণ ফরোয়ার্ড এনদ্রিক আবার দলে ফিরেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইগর থিয়াগো ও রায়ান ভিতরও।
বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল সকালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। আর ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন, মরক্কোর বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ

























