ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। চোট, ক্লাব বদল এবং জাতীয় দলকে ঘিরে নানা সময়ে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবারও নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেও কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি এই তারকা। তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন এখনই ফুটবলকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তার নেই।
নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র প্রকল্প প্রতিষ্ঠানের’ ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। তিনি জানান, শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। এই চুক্তি শেষ হওয়ার আগে অন্য কিছু ভাবতে চান না তিনি। ক্লাবের হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলাই এখন তার একমাত্র লক্ষ্য।
নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। তবে এখনই অবসরের কথা ভাবছি না। ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে। আমি সেই চুক্তির সম্মান রাখতে চাই এবং সান্তোসের হয়ে নিজের সেরাটা দিতে চাই। এরপর কী করব, সেই সিদ্ধান্ত তখনই নেব।’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ব্রাজিল কাপে রেমোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সান্তোস। দলের অন্য খেলোয়াড়রা আগেই সফরে গেলেও নিজের দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে সাও পাওলোতে ছিলেন নেইমার। তবে এ কারণে ম্যাচ মিস করার কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়েই ব্যক্তিগত উড়োজাহাজে করে সরাসরি বেলেনে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন এই ফরোয়ার্ড।
নিজের শারীরিক অবস্থার বিষয়েও আশাবাদী নেইমার। তিনি বলেন, এখন তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন। প্রতিদিন নিজের ছন্দ ফিরে পাচ্ছেন এবং মাঠে আরও ভালো খেলতে পারছেন। কোচ যদি সুযোগ দেন, তাহলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের জন্য শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত আছেন তিনি।
ফুটবলের বাইরে নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়েও গর্বের কথা জানান নেইমার। তিনি বলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। অসহায় শিশু ও পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তার হৃদয়ের খুব কাছের। মাঠের সাফল্যের পাশাপাশি সমাজের জন্য কিছু করতে পারাটাকেও তিনি সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
ডিসেম্বরের পর নেইমারের ক্যারিয়ার কোন পথে এগোবে, সেটি এখনই নিশ্চিত নয়। তবে আপাতত অবসর কিংবা নতুন কোনো সিদ্ধান্ত নয়, সান্তোসের জার্সিতে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাতেই মনোযোগী ব্রাজিলের এই তারকা ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ



