Connect with us
ফুটবল

অনেক জল্পনা শেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম

Neymar
বিশ্বকাপ দলে নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নেইমার খেলবেন কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা ছিল ফুটবল অঙ্গনে। চোট, মাঠের বাইরে থাকা এবং ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকেই ধরেই নিয়েছিলেন, হয়তো এবার ব্রাজিল দলে দেখা যাবে না এই তারকাকে। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আজ আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। সেখানে সবচেয়ে বেশি অপেক্ষা ছিল নেইমারের নামের জন্য। আনচেলত্তি যখন তাঁর নাম ঘোষণা করেন, তখন উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়েন।

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে চলে যান তিনি। পরে অস্ত্রোপচার ও পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সেই সময় জাতীয় দলে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড।



গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও তাকে রাখেননি আনচেলত্তি। তখন কোচের মূল চিন্তা ছিল নেইমারের ফিটনেস। তবে সৌদি আরবের অধ্যায় শেষ করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোস-এ ফেরার পর ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পান তিনি।

সান্তোসের হয়ে নিয়মিত খেলে নিজেকে প্রমাণ করার পরই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত হয় নেইমারের। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন তিনি। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এই ফরোয়ার্ড, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)। ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)। মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)। ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

ক্রিফোস্পোর্টস/১৯মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল