
চোট নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তবে দলে জায়গা করে নিলেও এখনও নিজের জাত চেনানোর সুযোগ পাননি এই সুপারস্টার। চোটের কারণে গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচই খেলতে পারেননি তিনি। এরপর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কিছু সময় খেলার সুযোগ পেলেও শেষ ৩২ এ জাপানের বিপক্ষে বেঞ্চে বসেই কাটিয়েছেন এই তারকা।
জাপানের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন নেইমার। এমনকি স্কটল্যান্ড ম্যাচের চেয়েও বেশি সময় খেলার সুযোগ পেতে পারতেন তিনি। তবে কোচ কার্লো আনচেলত্তি এক কৌশলগত কারণেই তাকে মাঠে নামাননি। তবে এবার শেষ ষোলোর ম্যাচের জন্য মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত নেইমার। তবে তিনি কতক্ষণ খেলতে পারবেন সেটা কেউই জানেন না। তাই যখন তাকে দরকার হবে, তখন তাকে মাঠে নামাবেন আনচেলত্তি।
ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানে না সে কতক্ষণ খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে খেলার মতো অভিজ্ঞতা তার রয়েছে। যখনই দলে তার প্রয়োজন হবে, আমি তাকে মাঠে পাঠাবো।’
মরক্কো ও হাইতি ম্যাচ মিস করার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। নির্ধারিত সময়ের শেষ ১৪ মিনিটসহ ইনজুরি সময়ের কয়েক মিনিট মাঠে ছিলেন তিনি। এই অল্প সময়ে গোল-অ্যাসিস্ট না পেলেও কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন তিনি।
জাপান ম্যাচে অনেকটাই ফিট ছিলেন নেইমার। ব্রাজিল প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ায় পর দ্বিতীয়ার্ধের ৬০ বা ৬৫ মিনিটে তাকে মাঠে নামাতে চেয়েছিলেন আনচেলত্তি। সে সময় ডাগআউটের পাশে নেইমারকে ওয়ার্ম-আপ করতেও দেখা যায়। তবে এরমধ্যে ব্রাজিল সমতা ফিরে পাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
ম্যাচ যখন নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখন আনচেলত্তির চিন্তা ছিল তাকে অতিরিক্ত সময়ে মাঠে নামানো। তবে ইনজুরি সময়ের শেষ মুহূর্তে গোল দিয়ে জয় নিশ্চিত করে ব্রাজিল। তাই শেষ পর্যন্ত আর তাকে মাঠে নামাননি কোচ। ম্যাচশেষে নেইমারকে না খেলানোর বিষয়ে এমনটাই জানান আনচেলত্তি।
আগামীকাল (রোববার) দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সেলেসাও সমর্থকদের প্রত্যাশা এই ম্যাচে শুরুর একাদশে না হলেও দ্বিতীয়ার্ধে বেশি সময়ের জন্য দেখা যাবে এই সুপারস্টারকে।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/বিটি




















