
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগে নতুন করে আলোচনায় উঠে এলেন নেইমার। নিজেকে প্রমাণের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে অদ্ভুত এক রেফারিং ভুলের শিকার হন এই ব্রাজিলিয়ান তারকা। চতুর্থ কর্মকর্তার ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচের মাঝপথে অপ্রত্যাশিতভাবে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই ঘোষণায় নেইমারের নাম থাকবে কি না, তা নিয়ে যখন জোর আলোচনা চলছে, ঠিক তখনই মাঠের ঘটনাটি নতুন বিতর্ক তৈরি করেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটের কারণে সাময়িক চিকিৎসার জন্য মাঠের বাইরে ছিলেন নেইমার। এ সময় বদলির বোর্ডে ভুল করে তার ১০ নম্বর জার্সি দেখানো হয়। ম্যাচের ৬৫তম মিনিটে কর্মকর্তারা নেইমারের বদলি হিসেবে অন্য খেলোয়াড়কে মাঠে নামানোর ঘোষণা দেন। কিন্তু প্রকৃতপক্ষে বদলি হওয়ার কথা ছিল অন্য একজনের।
ঘটনাটি বুঝতে পেরে মাঠে ফিরতে চান নেইমার। কিন্তু রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। পরে কর্মকর্তাদের কাছ থেকে বদলির কাগজ নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে ভুলটি হয়েছে। সেখানে পরিষ্কার ছিল, অন্য খেলোয়াড়ের বদলির জায়গায় ভুল করে নেইমারের নম্বর ব্যবহার করা হয়েছে।
তবুও সিদ্ধান্ত আর বদলানো হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠ ছাড়েন নেইমার। যাওয়ার আগে অধিনায়কের দায়িত্ব তুলে দেন সতীর্থের হাতে।
ম্যাচের পর ক্লাব সান্তোসও আনুষ্ঠানিকভাবে জানায়, বদলির ক্ষেত্রে স্পষ্ট ভুল হয়েছিল। টেলিভিশনের ফুটেজ ও কর্মকর্তাদের নথিতেও সেটি পরিষ্কারভাবে দেখা গেছে। তবুও সেই ভুল সংশোধন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে তারা।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক গোলসংখ্যা ৭৯। তবে দীর্ঘদিন চোটের কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। বিশ্বকাপের আগে দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও এই নতুন বিতর্ক তার পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৬/টিএ






















