Connect with us
ফুটবল

রবিনহোর ছেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ক্ষমা চাইলেন নেইমার

Neymar apologises after getting involved in an incident with Robinho’s son.
রবিনহো জুনিয়রের সঙ্গে নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

নতুন বিতর্কের জন্ম দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নিজ ক্লাব সান্তোসে সাবেক সতীর্থ রবিনহোর ছেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নতুন করে আলোচনায় এই ফরোয়ার্ড। দলের অনুশীলনে তরুণ সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে চটেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

গতকাল রোববার (৩ মে) সান্তোসের অনুশীলনে এই ঘটনা ঘটে। অনুশীলনে রবিনহোর ওপর চটেছিলেন নেইমার। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যান রবিনহো জুনিয়র। যা অসম্মান হিসেবে নিয়েছিলেন নেইমার। তখন তিনি কিছুটা উত্তেজিত হয়ে ইচ্ছা করে রবিনহো জুনিয়রকে পা লাগিয়ে ফেলে দেন।

এরপরই দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়। পড়ে যাওয়ার পর রবিনহো জুনিয়র প্রতিবাদ করেন। তখন দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি ঠান্ডা করেন। পরবর্তীতে এই ঝামেলা আর ড্রেসিংরুম পর্যন্ত গড়ায়নি।



এই ঘটনায় ইতোমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন নেইমার। গ্লোবো জানিয়েছে, রবিনহো জুনিয়রকে ব্যক্তিগতভাবে ফোন করে দুঃখ প্রকাশ করেন নেইমার। এছাড়া তার পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এর আগে সান্তোসে রবিনহোর সঙ্গে খেলেছেন নেইমার। এবার রবিনহোর ছেলের সঙ্গেও খেলছেন তিনি। গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে উন্নীত হন তিনি। যদিও একাদশে খুব একটা নিয়মিত নন তিনি। চলতি মৌসুমে সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮টি ম্যাচ খেলেছেন এই তরুণ।

এদিকে ব্রাজিলিয়ান সিরি ‘আর’-এর চলতি মৌসুমেও বাজে সময় পার করছে সান্তোস। ১৪ ম্যাচে মাত্র ৩ জয়ের বিপরীতে ৫টিতে হেরেছে তারা। বাকি ৬ ম্যাচ ড্র হয়েছে। তাতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে অবস্থান করছে দলটি।

ক্রিফোস্পোর্টস/৪মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল