Connect with us
ফুটবল

হেক্সা মিশন সম্পন্নের লক্ষ্যে বিশ্বকাপের বিমান ধরেছে নেইমাররা

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে ব্রাজিল। ছবি: সংগৃহীত

২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সোমবার রাতে রিও ডি জেনেরিও থেকে বিশ্বকাপের ভেন্যুর পথে যাত্রা শুরু করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলকে বিদায় জানাতে সকাল থেকেই হোটেলের সামনে ভিড় করেন অসংখ্য সমর্থক। নেইমার, অ্যালিসন বেকার, ব্রুনো গিমারেস, কাসেমিরো ও রাফিনিয়ার মতো তারকারা বাসে ওঠার আগে ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং স্বাক্ষর দেন।

বিমানবন্দরে যাওয়ার আগে ব্রাজিল ফুটবল সংস্থার সদর দপ্তরে যান খেলোয়াড়রা। সেখানে ফুটবল জাদুঘর ঘুরে দেখেন তারা। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটাতে দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতা, অ্যালিসন ও ব্রুনো গিমারেসকে। পরে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় দল।



রাত ১০টার দিকে রিও ডি জেনেরিওর গ্যালেও বিমানবন্দর থেকে বিশেষ উড়োজাহাজে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে ব্রাজিল। দেশটির প্রচলিত রীতি অনুযায়ী উড়োজাহাজটি ছাড়ার সময় পানি ছিটিয়ে বিশেষভাবে বিদায় জানানো হয় দলকে।

খেলোয়াড়দের যাত্রার জন্য ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক একটি উড়োজাহাজ, যেখানে মাত্র ৯৬টি প্রথম শ্রেণির আসন রয়েছে। দীর্ঘ যাত্রায় খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে।

যাত্রাপথে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলের একটি ছবি প্রকাশ করেন নেইমার। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সবাই একসাথে’।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মঙ্গলবার বিকালেই প্রথম অনুশীলনে নামবে ব্রাজিল। এতে পূর্ণাঙ্গ দল পাবেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপের ক্লাব মৌসুম শেষ করে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তারা আজ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে এখন পুরো মনোযোগ ব্রাজিল দলের।

ক্রিফোস্পোর্টস/২জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল