
বাংলাদেশের পেস বিভাগে প্রতিপক্ষের জন্য নতুন আতঙ্কের নাম নাহিদ রানা। এই এক্সপ্রেস পেসার তার গতি ও নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে কাঁপন ধরিয়ে দিতে সক্ষম। বাংলাদেশ দলে তার মতো একজন পেসার থাকাটাকে দলের জন্য বেশ ভালো ব্যাপার হিসেবে দেখছেন নিউজিল্যান্ডে কোচ রব ওয়াল্টার।
আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলতে দু’দিন আগেই ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর আজ (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন কিউই কোচ ওয়াল্টার। এ সময় রানাকে নিয়ে প্রশংসা করেন তিনি। একইসঙ্গে রানাসহ অন্যান্য পেরারদের মোকাবিলা করতে তার দল প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
রানার প্রশংসা করে ওয়াল্টার বলেন, ‘সে দারুণ একজন ফাস্ট বোলার। এখানকার কন্ডিশন তাকে অনেক সাহায্য করবে। বাংলাদেশ দলে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়াটা বেশ ভালো ব্যাপার।’
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সাধারণত বাউন্সি উইকেটে খেলে থাকেন। তারা নিয়মিতই এমন ফাস্ট বোলারদের মোকাবিলা করে থাকেন। তবে এটা তাদের জন্য ভিন্ন কন্ডিশন। তবে সফরকারী ব্যাটাররা নিজেদের স্কিল কাজে লাগিয়ে বাংলাদেশি পেসারদের মোকাবিলা করবেন বলে জানিয়েছেন ওয়াল্টার।
তিনি বলেন, ‘তার (রানা) কোয়ালিটিকে খাটো করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ দলে বেশ ভালো কিছু কোয়ালিটি পেসার আছে। পেসারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করে থাকি। আমাদের দলেও পেসার আছে। তবে ম্যাচের মধ্যে কাজটা সঠিকভাবে করতে হবে।’
‘সে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে। এখানে আমাদের থেকে কিছুটা ভিন্ন কন্ডিশন হয়ত। তবে ব্যাটারদের নিজেদেরর স্কিল কাজে লাগিয়ে তাকে মোকাবিলা করতে হবে।’— ওয়াল্টার যোগ করেন।
বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন রানা। ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে এক ফাইফারসহ ৮ উইকেট শিকার করেন তিনি। এরপর পিএসএলে গিয়ে দুর্দান্ত বোলিংয়ে সবাইকে অবাক করে দেন তিনি। অভিষেক আসরে পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি। এবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ডিউটিতে ফিরেছেন এই পেসার।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৬/বিটি



















