Connect with us
ক্রিকেট

তীব্র গরমেও রানার বলে এত গতি দেখে বিস্মিত নিউজিল্যান্ড ব্যাটার

New Zealand batter amazed by Rana’s pace even in intense heat.
রানার গতিময় বোলিংয়ে অবাক হয়েছেন নিক কেলি। ছবি- এএফপি

বৈশাখের তীব্র গরমের মধ্যেই চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টা থেকেই শুরু হচ্ছে। যার ফলে তীব্র গরমের মধ্যেই খেলতে হচ্ছে দুই দলকে। তবে দ্বিতীয় ওয়ানডেতে এই গরমের মধ্যেই ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটার এর উপর গতিতে বল করে গেছেন নাহিদ রানা। যা অবাক করেছে কিউই ব্যাটার নিক ক্যালিকে। 

সোমবার (২০ এপ্রিল) মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সফরকারী ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা। তার প্রথম ডেলিভারিটি ছিল ১৪৪.৭ কিমি গতির। এরপর তার পুরো ১০ ওভারের স্পেলে ৫৯টি বৈধ ডেলিভারিই ছিল ১৪০ কিমি গতির ওপরে। তাছাড়া ১৫০ কিমি গতির ওপরেও দুটি ডেলিভারি ছিল।

এই তীব্র গরমে রানার এমন গতিময় বোলিং অবাক করেছে কিউই ব্যাটারদের। সফরকারী দলের ব্যাট হাতে সেরা পারফর্মার নিক কেলির কাছে রানার এমন বোলিং অবিশ্বাস্য মনে হয়েছে। তাছাড়া রানার দুর্দান্ত বোলিংয়েরও প্রশংসা করেছেন এই ব্যাটার।



ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রানার প্রশংসা করে কেলি বলেন, ‘এই রোদের মধ্যে সে ৪ ঘণ্টা ফিল্ডিংয়ে ছিল এবং বল হাতে নিয়ে প্রথম ডেলিভারি থেকে শেষ পর্যন্ত এই গতিতে বোলিং করেছে, যা সত্যিই প্রশংসনীয়।’

নিউজিল্যান্ডের হয়ে দলীয় সর্বোচ্চ ১০২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন কেলি। ১৮৭ মিনিট উইকেটে টিকে ছিলেন তিনি। বেশিক্ষণ মাঠে থাকার কারণে গরমের তীব্রতা বেশ ভালোভাবেই টের পেয়েছেন তিনি। এই গরমে রানার এত জোরে বল করাটা ভাবতেই পারছেন না কেলি।

এই কিউই ব্যাটার বলেন, ‘আমি আজকে অনেকক্ষণ উইকেটে ছিলাম। এই গরমের মধ্যে দৌড়ে এসে এতো জোরে বোলিং করাটা আমি ভাবতেও পারি না। অনেক গরম ছিল আজকে। সে একদম প্রথম বল থেকে অনেক জোরে বোলিং করেছে। আজকে তার শেষ বলটিও ছিল ১৪৫ কিমি গতির।’

রানা ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। তার ৬০টি ডেলিভারির মধ্যে ৪৩টিই ছিল ডট। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফাইফার।

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট