Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে চালু হচ্ছে আইসিসির নতুন নিয়ম

New ICC rules to be introduced in Bangladesh-Sri Lanka series
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে চালু হচ্ছে পাওয়ার প্লের নতুন নিয়ম। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ ওভারের ম্যাচে পাওয়ার প্লে থাকে প্রথম ৬ ওভার। তবে ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের ওভার কমে গেলেও পাওয়ার প্লে হিসেব করা হতো পূর্ণ ওভারেই। যার ফলে পাওয়ার প্লের সুবিধা নিয়ে প্রায়ই অসামঞ্জস্য তৈরি হতো। এই অসামঞ্জস্য দূর করতে পাওয়ার প্লের নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হবে না। এখন থেকে কার্যকর হবে বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি। ইনিংসের মোট বলের প্রায় ৩০ শতাংশ বলই পাওয়ার-প্লে হিসেবে ধরা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যদি এক ওভার কমে ১৯ ওভারে খেলা হয়, তাহলে পাওয়ার প্লে হবে ৫.৪ ওভার বা ৩৪ বলের। যদি খেলা ১৫ ওভারে গড়ায়, তখন পাওয়ার প্লে হবে ৪.৩ ওভার বা ২৭ বলের। ১০ ওভারের ম্যাচে পাওয়ার-প্লে হবে ৩ ওভার বা ১৮ বলের। এছাড়া সর্বনিম্ন ৫ ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে ১.৩ ওভার বা ৯ বলের।




আরও পড়ুন:

» বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা

» তাইজুলের ১৭তম ফাইফার, উচ্ছ্বসিত তামিম ইকবালও


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের এই নতুন নিয়ম চালু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজেই নিয়মটির প্রয়োগ হতে চলেছে। তবে কোনো ম্যাচে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওভার কমে গেলেই কার্যকর হবে এই নিয়ম। ২০ ওভারের খেলায় আগের মতোই পাওয়ার প্লে থাকবে ৬ ওভার।

ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেটে চালু হয়েছে এই নিয়ম। ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ এই নিয়মেই পাওয়ার প্লে অনুষ্ঠিত হচ্ছে। এবার আন্তর্জাতিক অঙ্গনে চালু হতে যাচ্ছে এই নিয়ম।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট