Connect with us
ফুটবল

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৫০-এর মধ্যে আনতে চান নতুন কোচ ডুলি

New coach Duly aims to bring Bangladesh into the top 150 of the rankings.
হামজাদের নতুন কোচ থমাস ডুলি। ছবি- সংগৃহীত

নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধান কোচ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত হয়ে এসেছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কিংবদন্তি থমাস ডুলি। আজ (শুক্রবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ডুলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন হামজাদের নতুন কোচ ডুলি। ঢাকায় এসে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলে ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বাংলাদেশ দল নিয়ে নিজের ভাবনার কথা জানান ডুলি।

এর আগেও এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেছেন ডুলি। এশিয়াতে কাজ করে বেশ উপভোগ করেছেন তিনি। সেই ইচ্ছা থেকেই ফের এশিয়াতে কাজ করার সুযোগ খুঁজছিলেন তিনি। অবশেষে বাংলাদেশ দলের প্রধান কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর তিনি আবেদন করেন এবং শেষ পর্যন্ত তিনিই হলেন হামজাদের কোচ৷



ডুলি বলেন, ‘আমি এশিয়ায় বহু বছর কাজ করেছি। যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় হিসেবে আমরা চীন এবং কোরিয়া কিংবা জাপানে গিয়েছিলাম। তখন আমি এশিয়া সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না। তাই চিন্তা ছিল, আমি এখানে কাজ করতে পারব কি না। এরপর আমি ফিলিপাইন সম্পর্কে জানতে পারি এবং ফিলিপাইন জাতীয় দলের হয়ে কাজ করার সুবাদে এশিয়ার বিভিন্ন জায়গায় ভ্রমণ করি এবং জায়গাটি আমার দারুণ লেগে যায়।’

‘আমি সত্যিই এশিয়াতে আবারও কাজ করতে চেয়েছিলাম। এশিয়ায় যদি কোনো সুযোগ আসে, তবে আমি সেখানে যেতে চাই। আমি বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও। তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো, আমি সেটার জন্য আবেদন করলাম।’ — ডুলি যোগ করেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮০-এর পর অবস্থান বাংলাদেশের। তবে ডুলি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ১৫০ এর আশেপাশে নিয়ে আসতে চান।

ডুলি বলেন, ‘জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি আছে, তাদের নিয়ে আমরা সফল হতে পারব। তাই আমার লক্ষ্য হলো র‍্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটা একটি দীর্ঘ প্রক্রিয়া।’

আগামী মাসে স্যান মেরিনোর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের সঙ্গে দায়িত্ব শুরু হবে ডুলির। ম্যাচটি সামনে রেখে আগামী ২৪ মে থেকে শুরু হবে বাফুফের ক্যাম্প।

ক্রিফোস্পোর্টস/২২মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল